ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায়। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে প্রধান নির্বাচন কমিশনারের তফসিল ঘোষণার ভাষণ।
বুধবার (১০ ডিসেম্বর) বিটিভি ও বেতারে ভাষণ রেকর্ড করেছেন সিইসি। রেকর্ড করা ভাষণ আজ সন্ধ্যা ৬টায় সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
জানা গেছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এরমধ্যে ১২ ফেব্রুয়ারিকে ভোটগ্রহণের সবচেয়ে বেশি উপযুক্ত দিন হিসেবে বিবেচনা করছে ইসি। কমিশন তফসিল ও ভোটগ্রহণের দিন নিয়ে অত্যন্ত গোপনীয়তা রক্ষা করছে। তবে বিকল্প দিনেও ভোট হতে পারে বলে জানিয়েছে ইসি কর্মকর্তারা।
ইসির এক কর্মকর্তা জানান, ভোটগ্রহণের পর রোজার আগে অন্তত সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় নির্বাচন কমিশন। কারণ, ভোটের দিন অনিয়ম, মারামারি বা হানাহানির কারণে যেসব কেন্দ্রে বা আসনে ভোট বন্ধ অথবা স্থগিত করা হবে, সেসব কেন্দ্র বা আসনে এক সপ্তাহের মধ্যে ভোট শেষ করার পরিকল্পনা রয়েছে ইসির। সেটা যেন রমজানে গিয়ে না পড়ে তা নিশ্চিত করতে চায় কমিশন। এ ছাড়া নির্বাচনের গেজেট প্রকাশের পর যে দল সংখ্যাগরিষ্ঠাতা পাবে তাদের সরকার গঠন করতেও সপ্তাহখানেক সময় লাগতে পারে। সেটাও যেন রমজানের আগে সম্ভব হয় সে সুযোগও রাখতে চায় ইসি।
আগামী বছর পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি। নির্বাচন কমিশন যদি সপ্তাহখানেক সময় হাতে রাখতে চায় তাহলে ১২ তারিখের মধ্যে ভোট নিতে হবে। এদিকে শবে বরাতের সম্ভাব্য তারিখ ৪ ফেব্রুয়ারি। সরকার অন্তত এর আগে নির্বাচন দেবে না বলে ধারণা করা হচ্ছে। তাই শবে বরাতের পর থেকে ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যেই ভোট দিতে হবে। সেক্ষেত্রে যদি ৫ তারিখ বৃহস্পতিবার শবে বরাতের বন্ধ পড়ে যায় তাহলে এর পরের সপ্তাহের যেকোনো দিন ভোট নিতে হবে।
নির্বাচনের তফসিল কী?
তফসিল হলো ভোটের পুরো প্রক্রিয়ার একটি বিস্তারিত কর্মপরিকল্পনা, যা নির্বাচন পরিচালনার জন্য আইনি ভিত্তি তৈরি করে। তফসিলের মধ্যে থাকে ভোটের তারিখের পাশাপাশি প্রার্থীদের মনোনয়ন জমা, যাচাই-বাছাই, প্রচারণা এবং ভোটগ্রহণ ও গণনার সময় নির্ধারণের বিস্তারিত পরিকল্পনা। আজকের ঘোষণা শেষ হলে সাধারণ ভোটার এবং প্রার্থীরা নির্বাচনী কার্যক্রমের সঠিক সময়সূচি জানতে পারবে।
তফসিলের মূল উপাদানগুলো—
- মনোনয়ন প্রক্রিয়া ও সময়সীমা : প্রার্থীরা কখন থেকে মনোনয়নপত্র জমা দিতে পারবেন তা স্পষ্টভাবে উল্লেখ থাকে।
- বাছাই ও আপিল : মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং বাতিল হলে আপিলের সময়সীমা তফসিলে নির্দিষ্ট থাকে।
- প্রচারণার সময়সীমা : চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন থেকে প্রচারণা শুরু ও শেষের সময় নির্ধারিত থাকে।
- ভোট গ্রহণ ও গণনা : ভোটগ্রহণের দিন, সময় এবং গণনার স্থান ও পদ্ধতিসহ সমস্ত তথ্য তফসিলে দেওয়া থাকে।

