গৌরব, ত্যাগ আর চিরস্মরণীয় বিজয়ের দিনে লাল-সবুজের আবেশে ভরে ওঠে জয়পুরহাটের কালাই উপজেলা। মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে কালাই উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় কালাই সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন ঘোষণা করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা।
উদ্বোধনী পর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও শামীম আরা বলেন, মহান মুক্তিযুদ্ধের বিজয় শুধু একটি দিনের স্মৃতি নয়, এটি আমাদের আত্মপরিচয় ও রাষ্ট্রচেতনার মূল ভিত্তি। তিনি স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে উৎসবমুখর পরিবেশে শুরু হয় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ, আকর্ষণীয় ডিসপ্লে প্রদর্শনী ও ক্রীড়া প্রতিযোগিতা। এসব আয়োজনে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দেশপ্রেম ও সৃজনশীল উপস্থাপনা দর্শকদের দৃষ্টি কাড়ে এবং মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।
দিবসের আরেক পর্বে কালাই সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারণ সভা। উপজেলা নির্বাহী অফিসার শামীম আরার সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার। তিনি মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা তুলে ধরে তরুণ প্রজন্মকে ইতিহাস জানার পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
শেষ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় ফুলেল শুভেচ্ছা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, শিক্ষক-শিক্ষার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

