ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

বাহাদুর খাঁন চৌধুরী ফোরকানীয়া ও নূরানী মাদ্রাসায় ছাত্র/অভিভাবক বার্ষিক মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উৎকর্ষ সাধন এবং অভিভাবকদের সাথে পারস্পরিক যোগাযোগ জোরদার করার লক্ষ্যে বাহাদুর খাঁন চৌধুরী ফোরকানীয়া ও নূরানী মাদ্রাসার উদ্যোগে ছাত্র/অভিভাবক বার্ষিক মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাটি বরকল উপজেলার ইসলামাবাদ এলাকায় অবস্থিত বাহাদুর খান চৌধুরী ফোরকানীয়া ও নূরানী মাদ্রাসার মাঠে এক আনন্দঘন ও ভাবগম্ভীর পরিবেশে আয়োজন করা হয়। মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের বার্ষিক অগ্রগতি মূল্যায়ন, পাঠদানের মান, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরতেই এই সভার আয়োজন করা হয়। সভায় মাদ্রাসার শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মাদ্রাসার প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন আলহাজ্ব কাজী মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবি এডভোকেট মাহাবুবুল হক চৌধুরী, মাদ্রাসার প্রিন্সিপাল, আলেম-উলামা, সমাজসেবক, শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও অভিভাবক প্রতিনিধিগণ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নূরানী মাদ্রাসা শিশুদের প্রাথমিক দ্বীনি শিক্ষা, কোরআন তিলাওয়াত, নামাজ শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। একটি সুন্দর, শৃঙ্খলাপূর্ণ ও নৈতিক সমাজ গঠনে এসব মাদ্রাসার অবদান অনস্বীকার্য। তিনি আরও বলেন, “শুধু শিক্ষকদের একক প্রচেষ্টায় নয়, অভিভাবকদের সচেতন ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি শিশুর সঠিক শিক্ষা নিশ্চিত করা সম্ভব। সন্তানদের পড়ালেখার প্রতি নিয়মিত খোঁজখবর নেওয়া, সময়মতো মাদ্রাসায় পাঠানো এবং শিক্ষকদের সাথে যোগাযোগ রাখা প্রত্যেক অভিভাবকের নৈতিক দায়িত্ব।”

প্রধান অতিথি মাদ্রাসার শিক্ষকবৃন্দের আন্তরিকতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও মাদ্রাসার উন্নয়নমূলক কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সভায় শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়ন প্রতিবেদন বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের পাঠগ্রহণ, কোরআন তিলাওয়াত, আমল-আখলাক ও উপস্থিতি বিষয়ে আলোচনা করা হয়। পরে মেধাবী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করে।

মতবিনিময় পর্বে অভিভাবকরা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং পাঠদানের মান আরও উন্নত করা, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন গঠনমূলক মতামত ও প্রস্তাব তুলে ধরেন। মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকদের পরামর্শ গুরুত্ব সহকারে গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামাদল দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক পিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, মাওলানা শাহ মোহাম্মদ এনাম, মোঃ জাফর উল্লাহ খান চৌধুরী, ওলামা দল নেতা মাওলানা আবদুল গফুর, মাওলানা শোয়াইব, মাওলানা রাশে, মাওলানা মোরশেদ, ওলামা দল নেতা মাওলানা ইকবাল, মাওলানা এমদাদ, বাহাদুর খান চৌধুরী মসজিদের ইমাম মাওলানা নুরুদ্দিন, মাওলানা আবদুর রহমান, মাওলানা আশেক, মাওলানা ফোরকান, জাতীয়তাবাদী ওলামাদলের মহানগর নেতা মাহফুজুর রহমান, মাওলানা মিশকাত, মাওলানা কাজী সিরাজ, মাওলানা নোমান, মাওলানা বেলাল।

এছাড়াও অনুষ্ঠানে মাদ্রাসার সুপার/প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।