ঢাকারবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এনআইডির সব কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ডেস্ক নিউজ
ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার জন্য প্রয়োজনীয় আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যানসহ সব কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে গিয়ে তিনি এ কার্যক্রম শেষ করেন।

দুপুর ১টার দিকে নির্বাচন কমিশনে পৌঁছে প্রথমে ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। পরে নির্বাচন কমিশন সচিবালয়ের ১০৪ নম্বর কক্ষে তার ভোটার হওয়ার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হয়।

এ সময় জাতীয় পরিচয়পত্রের জন্য ছবি তোলেন তারেক রহমান। এরপর ১০ আঙুলের ছাপ দেন, চোখের আইরিশ স্ক্যান করান এবং সবশেষে এনআইডির জন্য স্বাক্ষর প্রদান করেন।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ‘তারেক রহমান অনলাইনে আগেই আবেদন ফরম পূরণ করেছিলেন। আজ তিনি সরাসরি এসে আঙুলের ছাপ ও চোখের আইরিশ স্ক্যান দিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।’

তিনি আরও জানান, নিবন্ধন সম্পন্ন হওয়ার পর সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হবে। তবে নির্দিষ্ট সময় আগাম বলা সম্ভব নয়।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি দেখা যায়। ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা সমাবেশে সারা দেশ থেকে দলের মনোনীত প্রার্থীরাও অংশ নেন।

পরদিন শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি বাবা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন। এ সময় তিনি পুষ্পস্তবক অর্পণ করে বাবার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ ছাড়া একাত্তরের শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধেও যান তারেক রহমান। শুক্রবার রাত ১০টার কিছু সময় পর তাকে বহনকারী গাড়িবহর স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে। সেখানে বিএনপির শীর্ষস্থানীয় নেতাসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তৃতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন এবং এরপর দুপুরে এনআইডির কাজ সম্পন্ন করতে নির্বাচন কমিশন অফিসে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।