তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে যারা আগুন দিয়েছে, তারা যেমন গণমাধ্যমের প্রতিপক্ষ, তেমনি সরকারেরও প্রতিপক্ষ। তারা আসলে আমাদের অভিন্ন প্রতিপক্ষ। আপনার যদি কারও মতামত পছন্দ না হয়, আপনি ভিন্নমতের একটা পত্রিকা খোলেন, আপনার পত্রিকাকে আপনি জনপ্রিয় করে তোলেন, আপনি সেটা না করে পত্রিকায় আগুন লাগিয়ে দেবেন, আর মনে করবেন আপনার সমস্যা সমাধান হয়ে গেল, এটা তো হতে পারে না।
ভয় যারা দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভয় কি আমাকে দেখায়নি? আপনারা তো এটা জানেন, আমার বাসার সামনেও ককটেল ফাঁটানো হয়েছে। অর্থাৎ ভয় যারা দেখাচ্ছে, তারা কিন্তু আমাদের কমন প্রতিপক্ষ। এই কমন বা অভিন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে যদি আমাদের লড়াই করতে হয়, লড়াই তো করতেই হবে এবং যদি জিততে হয়, তাহলে একটা কথা বলব- একজন আরেকজনকে প্রতিপক্ষ মনে করে কোনো কাজ হবে না।’
শনিবার সকালে রাজধানীয় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে দেশের সম্প্রচার সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ষষ্ঠ সম্প্রচার সম্মেলনের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এসব কথা বলেন।
অতিথিদের বিভিন্ন দাবি ও আহ্বানের পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা রিজওয়ানা হাসান তার দেড় মাসের মেয়াদ থাকার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘এই দেড় মাসে দুটো কাজ করে যাওয়ার চেষ্টা করব। একটা কাজ হচ্ছে- সম্প্রচার কমিশন অধ্যাদেশ জারি। আজকের মধ্যে প্রথম খসড়াটি শেষ করতে পারব। দ্বিতীয়টি হলো- প্রেস কমিশন অধ্যাদেশ জারি। এটার মধ্যে সাংবাদিকতার সুরক্ষার বিষয়টি নিয়ে আসতে হবে। আইন করে গেলাম, তবে সিস্টেম এটাকে মেনে নিতে তৈরি কি না, একটা আইন করলেই যে সেটি বাস্তবায়ন হয়ে যাবে, তা না। সিস্টেমকে সঙ্গে নিয়ে যদি করতে পারি, তাহলে ভালো হবে।’ এছাড়া তথ্য কমিশনের চেয়ারম্যান ও কমিশনার যেন চূড়ান্ত করা যায়, সেটারও দ্রুততার সঙ্গে চেষ্টা করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা।
সাংবাদিক শাহনাজ শারমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সম্পাদক পরিষদের সভাপতি ও নিউ এজ সম্পাদক নূরুল কবীর, অন্তর্বর্তী সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান ও ডেইলি স্টারের কলসাল্টিং এডিটর কামাল আহমেদ, সুপ্রিম কোর্টের আইনজীবী সারা হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ও বিজেসির উপদেষ্টা খায়রুল আনোয়ার, বিজেসির চেয়ারম্যান সাংবাদিক রেজোয়ানুল হক, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও বিজিসির ট্রাস্টি ফাহিম আহমেদ, সাংবাদিক তালাত মামুন, ইলিয়াস হোসেন, মিল্টন আনোয়ার ও বিবিসি মিডিয়া অ্যাকশনের বাংলাদেশের প্রতিনিধি মো. আল মামুন। বিজেসির সম্প্রচার সম্মেলনে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বইয়ের মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD