খালেদা জিয়ার জানাজা বুধবার, দাফন করা হবে স্বামীর কবরের পাশে- বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং অন্যতম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে সাতদিনের শোক কর্মসূচি দিয়েছে বিএনপি। এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তিনদিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বার্তায় শোক প্রকাশ করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
“দেশ ও জাতির সার্বভৌমত্বের প্রশ্নে তিনি ছিলেন আপসহীন। দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। আজ তাঁর মৃত্যুতে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ ও ঘটনাবহুল অধ্যায়ের সমাপ্তি ঘটল,” বলেন মি. ইসলাম।
একইভাবে, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও এক বার্তায় শোক প্রকাশ করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে দেওয়া এক শোকবার্তায় বলা হয়েছে, “এরশাদের সামরিক শাসন বিরোধী ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন ও ৯০-এর গণ অভ্যুত্থানে আপসহীন ভূমিকা পালনের জন্য বেগম খালেদা জিয়া চিরস্মরণীয় হয়ে থাকবেন।”

