চট্টগ্রামের সাতকানিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে একটি দেশীয় শটগান, একটি দেশীয় ধারালো অস্ত্র ও তিন রাউন্ড গুলিসহ মোঃ ইফতেখার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
সাতকানিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি দল একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইফতেখারের হেফাজত থেকে একটি দেশীয় শটগান, একটি ধারালো অস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নেওয়া হয়।
গ্রেফতারকৃত মোঃ ইফতেখারের পিতার নাম মোঃ ইউনুস। তার বাড়ি পশ্চিম ডেমশা ৯নং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দৌলত শাহী পাড়া এলাকায়, পুকুর পাড় ইউনূসের বাড়ি সংলগ্ন, ইছামতী, সাতকানিয়া, চট্টগ্রাম।
এ বিষয়ে জানতে চাইলে সাতকানিয়া থানার তদন্ত কর্মকর্তা আতাউল হক গণমাধ্যমকে জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তদন্ত শেষে তার সংশ্লিষ্টতা ও ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।
তিনি আরও জানান, এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবহার ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে সাতকানিয়া থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয়রা পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

