ঢাকারবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল-এর উদ্যোগে বহদ্দারহাটে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদন
জানুয়ারি ৬, ২০২৬ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম — শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল-এর উদ্যোগ ও আয়োজনে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীতের মধ্যে সময়োপযোগী ও মানবিক এ আয়োজনের জন্য স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উদ্যোগটির প্রশংসা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা–৩ এর গভর্নর ইলেক্ট এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্সিয়ান এস কে দত্ত অনুপ।

এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল-এর পাস্ট প্রেসিডেন্ট অ্যাডভোকেট আদনান জাফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব নোয়াপাড়ার প্রেসিডেন্ট এপেক্সিয়ান রুবেল হোসেন নীল, এপেক্স ক্লাব অব চট্টগ্রামের পাস্ট প্রেসিডেন্ট এপেক্সিয়ান মহসিন, এপেক্সিয়ান জিকরুর হাবিব ওয়াহিদ, এপেক্সিয়ান জানে আলমসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্নর ইলেক্ট এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার ফয়সাল ফরিদ চৌধুরী বলেন, “সমাজের কম ভাগ্যবান ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য এপেক্স ক্লাবের এ ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। শীতের এই সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব।” তিনি এ আয়োজন সফলভাবে বাস্তবায়নের জন্য এপেক্স ক্লাব অব চট্টগ্রাম সেন্ট্রাল-এর সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কর্মসূচি আরও ব্যাপকভাবে আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা বলেন, শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নআয়ের মানুষের কষ্ট বহুগুণে বেড়ে যায়। বহদ্দারহাট এলাকার প্রকৃত শীতার্তদের চিহ্নিত করে সুশৃঙ্খলভাবে শীতবস্ত্র বিতরণ করায় এ উদ্যোগ বাস্তব অর্থে কার্যকর মানবিক সহায়তায় পরিণত হয়েছে। তাঁরা এপেক্স ক্লাবের নিয়মিত সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠান শেষে শীতবস্ত্র পেয়ে উপকারভোগীদের মাঝে স্বস্তি ও সন্তোষ প্রকাশ পায়। স্থানীয়দের মতে, এ ধরনের সংগঠিত উদ্যোগ শীতকালে অসহায় মানুষের জীবনযাত্রা কিছুটা হলেও সহজ করে তোলে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।