ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

রুমায় বিজিবির উদ্যোগ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মোহাম্মদ শাকিল
জানুয়ারি ৬, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

শীত মৌসুমে পাহাড়ি জনপদের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি মহাপরিচালকের নির্দেশনায় রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর উদ্যোগে বান্দরবানের রুমা উপজেলায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রুমা সাঙ্গু সরকারি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার চান্দাপাড়া, পাইন্দুপাড়া, সায়াগ্রাপাড়া, সাইপ্রোপাড়া, জাবালুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং সদরঘাট এলাকার দরিদ্র ও শীতার্তদের মাঝে মোট ২৫০টি কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাসান শাহরিয়ার, পদাতিক। এ সময় তিনি বলেন, “দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্ববোধ ও মানবিক চেতনার অংশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর তিমির রঞ্জন মহান্ত, এএমসি, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিনসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজিবি সূত্র জানায়, রুমা ব্যাটালিয়ন (৯ বিজিবি) ইতোমধ্যে গরিব ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, ত্রাণ সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবাসহ নানা সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনগুলোতেও এই ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।