নিজস্ব প্রতিবেদকঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা থেকে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চকরিয়া (চবি চকোরী) এর উদ্যোগে “ফ্রি বাস সার্ভিস” কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।বিজ্ঞান, কলা ও মানববিদ্যা, ব্যবসা প্রশাসন এবং সমাজবিজ্ঞান অনুষদের অধীনে অনুষ্ঠিত A, B, C ও D ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য চকরিয়া উপজেলা থেকে আগত ৬০০’র অধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী এই ফ্রি বাস সার্ভিসের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাতায়াত করেন।
এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন চকরিয়া-পেকুয়া (কক্সবাজার–০১) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ। তাঁর সহযোগিতায় শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হয়েছে।
কর্মসূচির সার্বিক বাস্তবায়নে চবি চকোরীর প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করেন। সংগঠনের সভাপতি আসিফ রায়হান, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ছাত্র উপদেষ্টা এম এ মোমেন, সাংগঠনিক সম্পাদক বখতিয়ারুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাখাওয়াত মাহি-এর নেতৃত্বে পুরো কার্যক্রম সুচারুভাবে সম্পন্ন হয়।চবি চকোরীর নেতৃবৃন্দ জানান, চকরিয়ার মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণে উৎসাহিত করা এবং আর্থিক ও যাতায়াতজনিত প্রতিবন্ধকতা দূর করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

