ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে ৯০ রানের পাকিস্তানের বড় জয়

নিউজ ডেস্ক
জানুয়ারি ৩১, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

উসমান তারিকের বলে অস্ট্রেলিয়ার শেষ ব্যাটসম্যান ম্যাথু কুনেমান ক্যাচ দিলেন প্রথম স্লিপে, সেখানে দাঁড়িয়ে থাকা সালমান আগা বল মুঠোয় জমালেন দেখেশুনে বেশ আয়েশেই। সমাপ্তির এই মুহূর্তটাই যেন পুরো ম্যাচ আর সিরিজের প্রতীকী ছবি।

রান তাড়ায় নামা অস্ট্রেলিয়াকে ১০৮ রানে গুটিয়ে দিয়ে পাকিস্তান পেয়েছে ৯০ রানের বড় জয়। এই জয়ে ঝোড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি গড়ে দেওয়ার কাজটি করেছেন ব্যাটসম্যান সালমান। ম্যাচের সঙ্গে পাকিস্তান জিতেছে সিরিজও। দীর্ঘ ৭ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে পাকিস্তানকে সিরিজ জেতালেন অধিনায়ক সালমান।

সিরিজের প্রথম টি–টুয়েন্টিতে ২২ রানে জেতা পাকিস্তান আজ প্রথমে ব্যাট করে তোলে ৫ উইকেটে ১৯৮। শুরুতে সাহিবজাদা ফারহানের উইকেট হারিয়ে ফেললেও সাইম আইয়ুবকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিংয়ে মনোযোগ দেন সালমান।

দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে ৫০ রান যোগ হয় মাত্র ২১ বলে। সাইম ৪ চারে ১১ বলে ২৩ রান করে আউট হওয়ার পরও সালমান ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। ২৫ বলে ফিফটিও স্পর্শ করেন পাকিস্তান অধিনায়ক।

১৩তম ওভারে শন অ্যাবোটের বলে ক্যাচ দিয়ে সালমান যখন ফেরেন, নামের পাশে ৪০ বলে ৭৬ রান, ৮টি চার ৪টি ছয়।

দলীয় ১২৫ রানে সালমানকে হারানোর পর পাকিস্তানকে বাকি পথে এগিয়ে দেন উসমান খান। তাঁর ৩৬ বলে ৫৩ ও শাদাব খানের ২০ বলে ২৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে দুই শর কাছাকাছি পৌঁছে যায় পাকিস্তানের রান।

রান তাড়ায় নেমে অস্ট্রেলিয়া স্বস্তিতে ছিল না কখনোই। ট্রাভিস হেড ও মিচেল মার্শের উদ্বোধনী জুটি ২২ রান তোলার পর দুজনই ফেরেন টানা দুই বলে।

এরপর তিনে নামা ক্যামেরন গ্রিন আর সাতে নামা ম্যাথু শর্ট ছাড়া অন্য কেউ দশ বলও টিকতে পারেননি। গ্রিন ২০ বলে ৩৫ আর শর্ট ২৩ বলে ২৭ রান করেন। পাকিস্তানের হয়ে দুই লেগ স্পিনার আবরার আহমেদ ও শাদাব নেন ৩টি করে উইকেট, দুটি নেন উসমান তারিক, একটি করে মোহাম্মদ নেওয়াজ ও সাইম। আন্তর্জাতিক টি–টুয়েন্টিতে এই প্রথম পাকিস্তানের স্পিনাররা ম্যাচে সব কটি উইকেট নিয়েছেন।

পাকিস্তান এবারের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল ২০১৮ সালের অক্টোবরে। সংযুক্ত আরব আমিরাতে হওয়া সিরিজটিতে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন সরফরাজ আহমেদ। মাঝে তিনটি দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল দুই দল।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।