ঢাকাশুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানের শীষের পক্ষে মাত্রাইয়ে গণসংযোগ ও উঠান বৈঠকে উৎসবমুখর পরিবেশ

মোঃ আলেক উদ্দিন (জয়পুরহাট জেলা প্রতিনিধি)
জানুয়ারি ৩১, ২০২৬ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-২ (কালাই–ক্ষেতলাল–আক্কেলপুর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. আব্দুল বারীর পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনায় কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বালাখুর গ্রামে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী এ কর্মসূচিতে নেতৃত্ব দেন আব্দুল বারী ছেলে মো. তৌফিক হাসান বারী। কর্মসূচির শুরুতেই তিনি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির রাজনীতি ও ধানের শীষ প্রতীকের গুরুত্ব তুলে ধরেন। পরে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয় উঠান বৈঠক।

এ সময় উপস্থিত ছিলেন মিসেস নাজমা আরা বারী, তৌহিদা রহমান তালুকদার, সেলিনা ও জিএম বাবলুসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা ও কালাই মডেল প্রেস ক্লাবের সিনিয়র সভাপতি মো. আলেক উদ্দিন, ছাত্রদল নেতা মো. আল আমিন চৌধুরী কৃষকদলের নেতা মো, নুর আলম ও বালাখুর গ্রামের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় বিএনপি নেত্রীবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ ভোটার।

উঠান বৈঠকে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয় অত্যন্ত জরুরি। তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। বক্তারা আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারীকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কর্মসূচি চলাকালে স্থানীয় ভোটাররা তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। নেতৃবৃন্দ সেগুলো গুরুত্বসহকারে শোনেন এবং নির্বাচিত হলে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।