ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতকানিয়ায় ডিউটি শেষে ফেরার পথে আনসার সদস্য নিহত, আহত ৭

Rokib
ফেব্রুয়ারি ১৩, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচন ডিউটি শেষে ফেরার পথে কর্ণফুলী টানেলে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)–এর আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন এবং পাঁচজন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে আনসার সদস্যদের বহনকারী যানবাহন দুর্ঘটনার শিকার হয়।

এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন সদস্য। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা আহমেদ জানান, দুর্ঘটনার পরপরই আহত আনসার সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল জব্বার নামে এক সদস্য চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

নিহত আনসার সদস্যের নাম মো. আব্দুল জব্বার। তার পিতার নাম মো. দবির উদ্দিন সরদার এবং মাতার নাম মোছা. খোরমিদা নিশা। তার গ্রামের বাড়ি হাসানপুর, ডাকঘর হাটি কুমরুল, থানা সলঙ্গা, জেলা সিরাজগঞ্জ।

উপজেলা প্রশাসন সাতকানিয়ার পক্ষ থেকে নিহত আনসার সদস্য আব্দুল জব্বারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়েছে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।