চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক এস কে খোদা তোতন বলেছেন, মহান একুশের চেতনা আমাদের জাতীয় জীবনের প্রেরণার উৎস। ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তিনি বলেন, ১৯৫২ সালের এই দিনে বাঙালি জাতি মাতৃভাষা বাংলার স্বীকৃতির দাবিতে রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে ইতিহাস সৃষ্টি করেছে। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের ফলেই আমরা আজ স্বাধীন দেশে নিজ ভাষায় কথা বলতে পারছি। তাঁদের এই আত্মদান শুধু বাংলাদেশের গর্ব নয়, বিশ্ববাসীর কাছেও অনন্য দৃষ্টান্ত।
এস কে খোদা তোতন আরও বলেন, একুশের চেতনা মানে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান। তিনি তরুণ প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
বাণীতে তিনি শহীদ সালাম, বরকত, রফিক, জব্বারসহ সকল ভাষা শহীদের রুহের মাগফিরাত কামনা করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন, যেন ভাষা শহীদদের আত্মত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশ ও জাতির কল্যাণে সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে।

