ঢাকামঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের মতোই কঠোর ও নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রস্তুতি পরিদর্শনে এসে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, কোনো ত্রুটি ঘটেনি। একুশে ফেব্রুয়ারিতেও একইভাবে সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে বলে আশা করি।

তিনি জানান, কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। স্বেচ্ছাসেবকদের পাশাপাশি প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য শহীদ মিনার ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবেন।
শ্রদ্ধা নিবেদনের জন্য আসাদের নির্দিষ্ট সড়কর্তন ব্যবহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং ও শহীদ মিনার রোড দিয়ে প্রবেশ করতে হবে। অন্য কোনো সড়ক ব্যবহার না করার আহ্বান জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর বা চানখাঁরপুল দিয়ে বের হওয়ার নির্দেশনাও দেন।

এ ছাড়া শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো অস্ত্র বা দাহ্য পদার্থ বহন না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি জানান, সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে বোম্ব ডিসপোজাল ইউনিট, সিসিটিভি ক্যামেরা ও ডগ স্কোয়াডসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় ৬৪টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। পাশাপাশি সারা দেশেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।