মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হালিশহর থানা পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। হালিশহর থানার ওসি (তদন্ত) মোঃ আবু হানিফের নেতৃত্বে পুলিশের একটি চৌকস ও সুসজ্জিত টিম এ কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় উপস্থিত ছিলেন হালিশহর থানার সেকেন্ড অফিসার এসআই মোশারফ, এসআই জাহিদ, এসআই মোস্তাফিজ, এএসআই মনির হোসেন, আবু বককর সিদ্দিকসহ থানার অন্যান্য সদস্যরা।
পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ওসি (তদন্ত) মোঃ আবু হানিফ বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি মাতৃভাষায় কথা বলার অধিকার। তিনি আরও বলেন, “সর্বস্তরের মানুষ যেন আমার থানা এলাকায় নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারেন, সে লক্ষ্যে শহিদ মিনার এলাকায় হালিশহর থানা পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
এদিকে দিবসটি ঘিরে শহিদ মিনার এলাকায় ছিল সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও দায়িত্ব পালন করেন।
মহান একুশের প্রথম প্রহরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শহিদ মিনারে ফুল দিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। পুরো এলাকায় ছিল শোক, শ্রদ্ধা ও ভালোবাসার আবহ।

