নগরের হালিশহর ওয়াপদা এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোররাতে চট্টগ্রামের হালিশহর ওয়াপদা এইচ ব্লকের হালিমা মঞ্জিলে বিকট শব্দে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। এতে ভবনের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। বিস্ফোরণে গুরুতর অগ্নিদগ্ধ সাখাওয়াতসহ পরিবারের ৯ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সাঈদ আল নোমান আহতদের খোঁজখবর নেন এবং অগ্নিদগ্ধ সাখাওয়াতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়।
এদিকে অগ্নিদগ্ধ সাখাওয়াতসহ পরিবারের সদস্যদের উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
সংসদ সদস্য সাঈদ আল নোমান আহতদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভবিষ্যতে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

