ঢাকাশনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের ইলিশের নামে অনলাইন প্রতারণা, চট্টগ্রামে ক্রেতা প্রতারিত

নিজস্ব প্রতিবেদন
ফেব্রুয়ারি ২৬, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

ইলিশের জন্য খ্যাত জেলা চাঁদপুর–এর নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এক অভিনব প্রতারণা চক্রের কার্যক্রম।. পদ্মা নদীর টাটকা ইলিশ সহ বিভিন্ন নামে ফেসবুক পেইজ খুলে আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ ক্রেতাদের প্রলুব্ধ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, অগ্রিম টাকা নেওয়ার পর পণ্য সরবরাহ না করে নানা কৌশলে আরও অর্থ দাবি করে এই চক্রটি বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ২৪ ফেব্রুয়ারি চট্টগ্রামের বাসিন্দা মনজুর মোরশেদ নামে এক ব্যক্তি উক্ত ফেসবুক পেইজে ৫ কেজি মাছ ও ১ কেজি ইলিশের ডিম অর্ডার করেন। অর্ডার নিশ্চিত করার কথা বলে তার কাছ থেকে অগ্রিম ৩৫০ টাকা নেওয়া হয়।

পরবর্তীতে ২৬ ফেব্রুয়ারি একটি নম্বর থেকে নিজেকে ডেলিভারি ম্যান পরিচয় দিয়ে ফোন করা হয়। ফোনে জানানো হয়, মাছ চট্টগ্রামে পৌঁছেছে; তবে পুরো টাকা বিকাশে পরিশোধ না করলে পণ্য হস্তান্তর করা হবে না। ভুক্তভোগী সরাসরি পার্সেল গ্রহণ করে মূল্য পরিশোধের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করা হয়। বরং তাকে বিভিন্নভাবে চাপ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী মনজুর মোরশেদ বলেন, “চাঁদপুরের ইলিশের সুনাম দেখে বিশ্বাস করেছিলাম। কিন্তু তারা অগ্রিম নেওয়ার পর আবার সম্পূর্ণ টাকা বিকাশে পাঠাতে বলে। সরাসরি হাতে পণ্য নিয়ে টাকা দিতে চাইলেও রাজি হয়নি।

অভিযোগ রয়েছে, এই প্রতারক চক্রের নেতৃত্বে রয়েছেন মোঃ নাহিদ হোসেন নামে এক ব্যক্তি। তিনি মাছের হাট চাঁদপুর নামে একটি প্রতিষ্ঠান চালিয়ে থাকেন। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভুয়া পেইজ খুলে একই কৌশলে প্রতারণা চালানো হচ্ছে বলেও ধারণা করা হচ্ছে।

স্থানীয় সচেতন মহল বলছেন, চাঁদপুরের ইলিশের ঐতিহ্য ও সুনামকে পুঁজি করে এ ধরনের প্রতারণা নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে রমজান ও উৎসবকে সামনে রেখে অনলাইনভিত্তিক খাদ্যপণ্য বিক্রির নামে প্রতারণার ঘটনা বেড়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।