আসন্ন ঈদুল ফিতরে পরিবহন সেক্টরে অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, পরিবহন সংশ্লিষ্টদের স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে ঈদে কোনোভাবেই ভাড়া বাড়ানো যাবে না।
শনিবার নারায়ণগঞ্জ টার্মিনাল ও নির্মাণাধীন খানপুর আইসিটি অ্যান্ড বাল্ক টার্মিনালসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিতব্য টার্মিনাল ভবন এলাকা পরিদর্শনের সময় মন্ত্রী ঈদযাত্রার প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রী বলেন, আমরা আশা করছি এবারের ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ হবে। যেসব জায়গায় যানজট তৈরি হয় বা সড়কে শৃঙ্খলার ব্যত্যয় ঘটে, সেসব পয়েন্ট চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। যাত্রীসেবা নির্বিঘ্ন করতে প্রশাসন তৎপর রয়েছে বলে তিনি জানান।
শেখ রবিউল আলম আরও বলেন, আমি নিশ্চিত করতে চাই এবার সবকিছু সুন্দরভাবে সম্পন্ন হবে। ট্রাফিক পুলিশ, নৌ পুলিশ ও কোস্টগার্ডসহ সব সংস্থা এবার মাঠে তৎপর থাকবে। জনগণের ভোগান্তি কমাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।
শীতলক্ষ্যা নদীর দূষণের বিষয়ে মন্ত্রী বলেন, নদী দূষণের ব্যাপারে আমরা পরিবেশ মন্ত্রণালয়কে অবগত করব। আমাদের জায়গা থেকেও কিছু করণীয় আছে এবং সেগুলো চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঈদুল ফিতরকে সামনে রেখে যাত্রী সাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারের এই কঠোর অবস্থানের কথা জানানো হয়।

