ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

নগরীর সৌন্দর্যবর্ধনে কাজির দেউড়ী–দামপাড়া সড়কের নতুন রূপ: উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

নিউজ ডেস্ক
মার্চ ৬, ২০২৬ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও নাগরিকদের জন্য পরিচ্ছন্ন ও নান্দনিক পরিবেশ নিশ্চিত করতে দামপাড়া বিশ্ব মসজিদ গেইট থেকে কাজির দেউড়ী মোড় পর্যন্ত সমাপ্ত সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর গুরুত্বপূর্ণ এই সড়কের নবনির্মিত সৌন্দর্যবর্ধন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। উদ্বোধনের পর মেয়র প্রকল্প এলাকা পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং সড়কের মাঝখানের আইল্যান্ডে লাগানো বাহারি ফুলের বাগান ও শোভাবর্ধক বৃক্ষরাজির যথাযথ পরিচর্যা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এসময় মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম বাস্তবায়ন করছে। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়গুলোকে নান্দনিকভাবে সাজিয়ে তোলার মাধ্যমে নাগরিকদের জন্য একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নগরীর উন্নয়ন কার্যক্রম টেকসই করতে নাগরিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই সচেতনভাবে নগরীর পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখলে চট্টগ্রাম আরও আকর্ষণীয় ও বাসযোগ্য নগরীতে পরিণত হবে। এই প্রকল্পের আওতায় দামপাড়া বিশ্ব মসজিদ গেইট থেকে কাজির দেউড়ী মোড় পর্যন্ত সড়কের আইল্যান্ডে বিভিন্ন প্রজাতির মৌসুমি ফুল ও দৃষ্টিনন্দন গাছের চারা রোপণ করা হয়েছে। পাশাপাশি ফুটপাথ সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে পুরো এলাকায় একটি নান্দনিক পরিবেশ সৃষ্টি করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।