ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

লামায় ভিজিএফের চাল পেতে লাগবে রাজনৈতিক দয়া

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৬, ২০২৬ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লামা পৌরসভায় ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভিজিএফ বরাদ্দের উপকারভোগী যাচাই বাছাই কাজে অতিমাত্রায় রাজনৈতিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। এতে করে অতিদরিদ্র পরিবারের অনেক উপকারভোগী তালিকা হতে বাদ পড়ার আশংকা দেখা দিয়েছে।

এদিকে পৌর প্রশাসকের কর্ম সম্পাদনে গঠিত সরকারী সহায়তা কমিটির সদস্যগনকে এই যাচাই বাছাই কাজে সম্পৃক্ত না করার অভিযোগ উঠেছে। এ বছর ঈদ উল ফিতর উপলক্ষে লামা পৌরসভায় ৩০৮৫ কার্ডের বিপরীতে ৩০.৮৫০ এবং উপজেলার ৭ টি ইউনিয়নে ১৮৫২২টি কার্ডের বিপরীতে ১৮৫.২২০ মেঃটন চাউল বরাদ্দ প্রদান করা হয়েছে। প্রতিজন উপকারভোগী ১০ কেজি হারে চাউল পাবেন।

জানাগেছে, ভিজিএফ কার্ডের চাল বিতরণ করার নামে কয়েকটি রাজনৈতিক দলের কিছু লোক নিজেদের পছন্দসই লোকের নিকট হতে আইডি কার্ড সংগ্রহ করেছে। যার কারণে ভিজিএফ চাল বিতরণ করার স্বচ্ছতা নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করেছে। ভিজিএফ নীতিমালা অনুযায়ী যাচাই বাছাই কমিটি রয়েছে। এই যাচাই বাছাই কমিটি বাদ দিয়ে রাজনৈতিক কর্মীদের থেকে তালিকা নিয়ে ভিজিএফ চাল বিতরণ করার জন্য অনেকে দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছে। গতকাল বৃহস্পতিবার ভিজিএফ উপকারভোগী সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র আমির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী লামা উপজেলা আমীর ইব্রাহিম কাজী। এই সভায় কর্মসম্পাদন কমিটির কোন সদস্যকে ডাকা হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কমিটির সদস্য ও উপজেলা প্রকৌশলী মোঃ আবু হানিফ জানান ভিজিএফ সংক্রান্ত বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি।একই কথা বলেছেন কমিটির অন্যান্য সদস্যগন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন বলেছেন ভিজিএফ উপকারভোগী তালিকা প্রণয়নে স্বচ্ছতা বজায় রাখা হবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।