ঢাকারবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

অপরাধীদের নেটওয়ার্ক ভাঙতে জঙ্গল সলিমপুরে অভিযানা চালাচ্ছে যৌথ বাহিনী

নিজস্ব প্রতিবেদন
মার্চ ৯, ২০২৬ ১:১৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এলাকাটি সম্পূর্ণ নিরাপদ করতে এবং অপরাধীদের নেটওয়ার্ক ভাঙতে প্রায় ৩ হাজার সদস্যের বিশাল এক বাহিনী মাঠে নেমেছে।

সোমবার (৯ মার্চ) সকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা ও সদস্যরা অভিযান পরিচালনা করছেন। অভিযান যতক্ষণ প্রয়োজন চলবে এবং জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর স্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এতে বিভিন্ন বাহিনীর সদস্যরা অবস্থান করবে এবং সন্ত্রাসী ও অপরাধীদের কোনো আস্তানা থাকতে পারবে না।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশ, র‍্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। পুরো এলাকা ঘিরে অভিযান চলছে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলার জন্য সেনাবাহিনীও প্রস্তুত রাখা হয়েছে। গত জানুয়ারি মাসে অভিযানে গিয়ে র‍্যাব কর্মকর্তা নিহত হওয়ার পর নতুন করে আলোচনায় আসে জঙ্গল সলিমপুর। এরপর সেখানে সমন্বিত অভিযান চালানোর বিষয়টি সামনে আসে। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় ওই সময় আর অভিযান চালানো হয়নি।

স্থানীয়রা অভিযানের কঠোর উপস্থিতি স্বাগত জানিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করে তোলা, অপরাধীদের গ্রেপ্তার ও অপরাধের সিঁড়ি ভাঙার জন্য এই সমন্বিত অভিযান চলবে। অপারেশন চলাকালে এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, আজ সকাল থেকে জঙ্গল সলিমপুরের চারপাশ ঘিরে ফেলে যৌথ বাহিনী। এলাকায় প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে তল্লাশিচৌকি, যাতে অভিযান শুরুর পর কেউ পালিয়ে যেতে না পারে। যৌথ বাহিনীর সদস্যরা বিভিন্ন দলে ভাগ হয়ে অভিযানে অংশ নিচ্ছেন। অতীতে এলাকাটিতে অভিযানে গিয়ে হামলার শিকার হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবারের অভিযানে ভিন্ন কৌশল অবলম্বন করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।