পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম নগরীর ১৩নং পাহাড়তলী ওয়ার্ডে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ১৩নং পাহাড়তলী ওয়ার্ড স্বেচ্ছাসেবক টিম।
শুক্রবার দুপুর ৩টায় পাহাড়তলীর ওয়ার্লেস কলোনী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে প্রায় ২০০টি অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইসহ ঈদ উপলক্ষে প্রয়োজনীয় বিভিন্ন খাদ্যপণ্য।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই তাদের এই উদ্যোগ। তারা জানান, ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবক টিমের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ও সামাজিক সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটবে।

