ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মধ্যে সাড়ে ১১ কোটি টাকার চেক হস্তান্তর

নিজস্ব প্রতিবেদন
মার্চ ১৪, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলায় বাস্তবায়নাধীন চারটি উন্নয়ন প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ক্ষতিপূরণ বাবদ ১১ কোটি ৪১ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।

আজ শনিবার দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে বিধি অনুযায়ী প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হয়েছে।

তিনি ভূমি মালিকদের প্রতারকদের কাছ থেকে দূরে থাকার আহ্বান জানান। একই সঙ্গে কেউ হয়রানির শিকার হলে তা জেলা প্রশাসককে অবহিত করার অনুরোধ জানান।

উল্লেখ্য, চেক বিতরণ কার্যক্রমের আওতায় ‘ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ’, ‘সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন’, ‘আঞ্চলিক লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন’ এবং ‘১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের অধিগ্রহণকৃত ভূমির মালিকদের মধ্যে ২১টি চেকের মাধ্যমে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।