ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাসী হামলার প্রতিবাদে মান্দায় মহাসড়ক অবরোধ ও মানববন্ধন

আল আমিন নওগাঁ প্রতিনিধি
মার্চ ২৪, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মান্দা উপজেলা-এ চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত সরোয়ার জাহান উজ্জল বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। একইসঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উত্তরা ডিগ্রি কলেজ মোড় এলাকায় বিক্ষুব্ধ জনতা নওগাঁ-রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং জনদুর্ভোগ চরমে পৌঁছে। এর আগে কালীগ্রাম কাচারি মাঠে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কয়েকশত নারী-পুরুষ অংশ নেন। তারা “সন্ত্রাসীদের গ্রেফতার চাই”, “চাঁদাবাজদের বিচার চাই”সহ বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে গত রোববার (২২ মার্চ) সন্ত্রাসী রাজু ও তার সহযোগীরা সরোয়ার জাহান উজ্জলের ওপর হাতুড়ি দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে সন্ত্রাসীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। এ ঘটনার পরও দ্রুত গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, ভুক্তভোগী পক্ষ এখনো লিখিত অভিযোগ দেয়নি। তবে পুলিশ ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।