পেট্রলপাম্পগুলোতে অযথা দীর্ঘ লাইন না দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেন, ডিপোগুলোতে পর্যাপ্ত তেল আছে। পেট্রলপাম্পে দীর্ঘ লাইন দেওয়ার প্রয়োজন নেই।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার তেলের দাম বাড়ায়নি এবং সরবরাহও কমায়নি। তাই পেট্রলপাম্পের সামনে দীর্ঘ লাইন ধরে জ্বালানি তেল সংগ্রহের কোনো যৌক্তিকতা নেই।
আজ মঙ্গলবার সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ‘জনগণের কাছে এবং যাঁরা নাকি গাড়ি চালান, তাঁদের কাছে আমার একটা আহ্বান থাকবে যে আপনারা প্রয়োজনের বেশি তেল নিবেন না, সে ক্ষেত্রে স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে।’
গত বছরের তুলনায় এই বছর ২৫ শতাংশ বেশি তেল সরবরাহ করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে। এ চেষ্টা অব্যাহত থাকবে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, ঈদের দিন আর ঈদের পরের দিন সরকারি ছুটি ছিল। সে সময় ডিপোগুলো বন্ধ ছিল। সে জন্য ডিপোগুলো থেকে তেল সরবরাহ করা হয়নি। এ জন্য হয়তোবা পেট্রলপাম্পগুলোতে তেলের স্বল্পতা থাকতে পারে। তবে আজ সকাল থেকে আবার ডিপোগুলো চালু হয়ে গেছে। পেট্রলপাম্প তেল পাবে। তেলের জন্য পেট্রলপাম্পগুলোতে লাইন দেওয়ার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, ‘আমি সরকারের পক্ষ থেকে জনগণের কাছে আহ্বান জানাব যে আপনারা প্যানিক হবেন না এবং আপনারা প্রয়োজনের বেশি তেল ক্রয় করে অযথা অস্থিরতা তৈরি করবেন না। প্রয়োজনের বেশি তেল নিয়ে স্টক করলে ভিড় বাড়বে, লাইন বাড়বে।’ তেল নিয়ে কোনো সংকট হবে না বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD