মহান স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে জয়পুরহাটের কালাই উপজেলায় গভীর শ্রদ্ধা, আবেগ ও দেশপ্রেমের পরিবেশে শহীদদের স্মরণ করা হয়েছে। দিবসের সূচনালগ্নেই ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতার গৌরবগাথা নতুন করে উচ্চারিত হয়।
ভোরের আলো ফুটতেই কালাই বাসস্ট্যান্ড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে শ্রদ্ধা জানান কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা। এরপর কালাই থানা পুলিশের পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন।
পর্যায়ক্রমে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন, গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদ, কালাই সরকারি মহিলা কলেজ, কালাই ডিগ্রি কলেজ, আনসার ও ভিডিপি সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের মানুষ।
পুষ্পস্তবক অর্পণ শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শোকের গভীরতা, গর্বের উচ্ছ্বাস এবং দেশপ্রেমের আবেগঘন প্রকাশ।
স্বাধীনতার এই প্রভাত নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

