ঢাকাশনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে ডিজেলসহ ১২ পাচারকারী আটক

NewsDay 24
এপ্রিল ৪, ২০২৬ ৫:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ডিজেলসহ ১২ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এসময় পাচার কাজে ব্যবহৃত একটি বোট,গ্যাস সিলিন্ডার ও নগদ অর্থ জব্দ করা হয়।

শনিবার (০৪ এপ্রিল ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৬টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটে তল্লাশি চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৬ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ২৪ হাজার টাকা।

এসময় বোট থেকে ৬টি গ্যাস ভর্তি সিলিন্ডার, নগদ ১৫ হাজার ৮৯৬ টাকা এবং পাচার কাজে ব্যবহৃত বোটসহ মোট ১২ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন বাংলাদেশি এবং ৮ জন রোহিঙ্গা নাগরিক রয়েছে।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, আটক বোটটি ব্যবহার করে মানবপাচারকারীরা প্রায় ১৫০ থেকে ২০০ জনকে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। তবে কোস্ট গার্ডের গোয়েন্দা তৎপরতা ও সময়োপযোগী অভিযানের কারণে সেই পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে।

জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় এলাকায় পাচার ও চোরাচালান রোধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।