গ্রীষ্মের শুরুতে বাড়ছে বিদ্যুতের চাহিদা। নগরী ও জেলাজুড়ে বিদ্যুতের চাহিদা বাড়ার সাথে সাথে দিনের কিছু কিছু সময়ে লোডশেডিংও করা হচ্ছে, যা এখনো সহনীয় পর্যায়ে রয়েছে বলে পিডিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পিডিবি চট্টগ্রামের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামের বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র জ্বালানি নির্ভর। উৎপাদন ঠিক রাখতে জ্বালানি তেলের মজুত নিয়ে চিন্তিত পিডিবি। গত কয়েকদিন ধরে কিছু কিছু লোডশেডিং হচ্ছে বলে জানান পিডিবির এক প্রকৌশলী।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ চট্টগ্রাম অঞ্চলের (উত্তর) তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহীদুল ইসলাম মৃধা বলেন, এখন বিদ্যুতের চাহিদা বাড়ছে। গরমের মাত্রা বাড়তে থাকায় দিন দিন চাহিদা আরো বাড়বে। আজকে (শনিবার) চট্টগ্রামে চাহিদা ছিল ১,৩১৫ মেগাওয়াট। এখন তেমন লোডশেডিং নেই। শনিবার সন্ধ্যা ৭টায় ৭০ মেগাওয়াটের মতো লোডশেডিং ছিল। আমাদের বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্র জ্বালানিনির্ভর। এখন চট্টগ্রামে জ্বালানি তেলের হাটহাজারী ও দোহাজারী বিদ্যুৎকেন্দ্র দুটি চলে। শিকলবাহা গ্যাসে চলে। বৃষ্টি হলে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বাড়বে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (উৎপাদন) জাহাঙ্গীর আলম জানান, আজকে (গতকাল) সারা দেশের মোট উৎপাদন ছিল ১৪ হাজার ৯৪০ মেগাওয়াট। বিদ্যুৎকেন্দ্রে জ্বালানির চাহিদা প্রসঙ্গে তিনি বলেন, জ্বালানির চাহিদা একেক সময় একেক রকম।
পিডিবির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মার্চের মাঝামাঝি সময় থেকে বিদ্যুতের চাহিদা বাড়ছে। এপ্রিল–মে মাসে আরো বাড়বে। এখন নগরীতে দিনের কিছু কিছু সময়ে আধ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে বলে পিডিবি সাব–স্টেশনের নির্বাহী প্রকৌশলীরা জানিয়েছেন। এদিকে পিডিবির জ্বালানিনির্ভর যেসব বিদ্যুৎকেন্দ্র রয়েছে সেগুলো এই গ্রীষ্ম মৌসুমে ঠিকমতো সচল রাখতে যে পরিমাণ জ্বালানির প্রয়োজন তা নিয়ে চিন্তিত পিডিবি। চট্টগ্রামে গ্যাসনির্ভর রাউজান তাপ বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিট বন্ধ। একটি ইউনিটে গ্যাসের জন্য উৎপাদন বন্ধ। অন্য ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ। এটি আর মেরামতযোগ্য নয় বলে জানিয়েছেন কেন্দ্রের সংশ্লিষ্ট প্রকৌশলী। এদিকে শিকলবাহা গ্যাসনির্ভর একটি বিদ্যুৎ কেন্দ্র চালু রয়েছে। অপর একটি বন্ধ। এদিকে হাটহাজারী ও দোহাজারী বিদ্যুৎকেন্দ্র দুটি চলে ফার্নেস অয়েল দিয়ে। এই দুটি এখনো চালু রয়েছে। আর বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর মধ্যে অর্ধেকের মতো বন্ধ রয়েছে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD