কুষ্টিয়ার জেলা প্রশাসকের (ডিসি) বদলি সংক্রান্ত বিষয়ে মন্তব্যের জেরে কুষ্টিয়া-৩ আসনের সাংসদ ও বিশিষ্ট ইসলামী বক্তা আমির হামজাকে আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্যক্তি। কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী আলহাজ মো. আব্দুল মজিদ সদর উপজেলার কমলাপুর এলাকার মো. রবিউল ইসলামের পক্ষে আজ এই নোটিশ পাঠান।
নোটিশে উল্লেখ করা হয়, চলতি বছরের ২৭ মার্চ হরিপুর জামে মসজিদে জুমার নামাজের খুৎবার আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার বর্তমান ডিসি সাহেব বদলি হয়ে কুষ্টিয়া আসার জন্য ২০ থেকে ৩০ কোটি টাকা ব্যয় করেছেন।’
সংসদ সদস্যের এই বক্তব্যের ভিডিও এবং সংবাদ পরবর্তীতে বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নোটিশে দাবি করা হয়েছে, এ ধরনের বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং বর্তমান সরকারের দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।
আইনি নোটিশে সংসদ সদস্যের প্রতি দুটি মূল দাবি জানানো হয়েছে। জেলা প্রশাসক কুষ্টিয়ায় বদলি হয়ে আসার জন্য ঠিক কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ২০ থেকে ৩০ কোটি টাকা প্রদান করেছেন, নোটিশ প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে তাদের নাম জনসম্মুখে প্রকাশ করতে হবে।
উক্ত দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করার মাধ্যমে দুর্নীতিমুক্ত দেশ গঠনে সংসদ সদস্য হিসেবে যথাযথ ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়েছে।
অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, বর্তমান সরকার সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে কাজ করছে। একজন দায়িত্বশীল সংসদ সদস্য যখন প্রশাসনের সর্বোচ্চ কর্মকর্তার বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনেন, তখন তার স্বপক্ষে প্রমাণ থাকা আবশ্যক। অন্যথায় এটি গুজব ছড়িয়ে অস্থিরতা সৃষ্টির সামিল।
নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পাওয়া গেলে বা প্রমাণ দিতে ব্যর্থ হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে সংসদ সদস্য আমির হামজার মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD