নওগাঁর মান্দা উপজেলায় জমি জবরদখল করে পুকুর খননের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে ভুক্তভোগীর বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে বলে জানা গেছে। ঘটনাটি উপজেলার ভাঁরশো ইউনিয়নের পাকুরিয়া নিচপাড়া গ্রামে ঘটেছে।
এ ঘটনায় ওই গ্রামের মৃত ফারাতুল্লাহর ছেলে আনিছুর রহমান বাদী হয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের মৃত ফারাতুল্লাহর অপর ছেলে মইনুল ইসলাম ও আয়নাল হোসেন আনিছুর রহমানের কবলাকৃত ও ভোগদখলীয় সম্পত্তি জবরদখল করে সেখানে পুকুর খননের কাজ শুরু করেন। এতে খননস্থলের পাশেই অবস্থিত আনিছুর রহমানের একমাত্র ফ্ল্যাট বাসাটি মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ে।
ভুক্তভোগী আনিছুর রহমান বলেন, “আমার নিজস্ব সম্পত্তিতে আমাকে না জানিয়েই জবরদখল করে পুকুর খনন করা হচ্ছে। এতে আমার একমাত্র বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। দ্রুত এ কাজ বন্ধ করে আমার সম্পত্তি বুঝিয়ে দিয়ে বাড়িটি রক্ষার জন্য সংশ্লিষ্টদের কাছে অনুরোধ জানাচ্ছি।”
অভিযুক্ত মইনুল ইসলাম ও আয়নাল হোসেন জানান, আনিছুর রহমান তাদের বড় ভাই। তাকে না জানিয়েই তারা পুকুর খননের কাজ শুরু করেছিলেন। তবে এতে তার বাড়ির কোনো ক্ষতি হবে না বলে তারা দাবি করেন। অভিযোগ দায়েরের পর তারা কাজ বন্ধ রেখেছেন এবং পারিবারিকভাবে আলোচনা করে বিষয়টির সমাধান করবেন বলেও জানান।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা এসআই কাজী নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আপাতত পুকুর খনন কাজ বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে বলা হয়েছে।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD