উপসাগরীয় অঞ্চলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরানকে অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
তুরস্কে আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহর সঙ্গে বৈঠকে তিনি এ অনুরোধ জানান। আজ সোমবার ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে চলাচলের জন্য ছয়টি দেশের মধ্যে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করায় ইরানকে ধন্যবাদ জানাই।’
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষয়টি নিয়ে তারা যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে।
বৈঠকে তারা উপসাগরীয় অঞ্চলের পরিবর্তনশীল পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়ে মতবিনিময় করেছেন।
রহমান চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি এ বিষয়ে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং সংলাপ ও কূটনৈতিক উপায়ে মতবিরোধ সমাধানের ওপর গুরুত্বারোপ করেন।
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের এই গঠনমূলক অবস্থানের প্রশংসা করেছেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফরের আশা প্রকাশ করেন।
এর আগে গত ৫ এপ্রিল ঢাকায় ইরানের রাষ্ট্রদূত জালিল রহিমি জাহানাবাদির সঙ্গে বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ‘বাংলার জয়যাত্রা’ এবং অপরিশোধিত তেলবাহী অন্য বাংলাদেশী জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার অনুরোধ জানান।
রাষ্ট্রদূত ওই সময় জানিয়েছিলেন, এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যথাযথ পর্যায়ে যোগাযোগ করা হচ্ছে।
তিনি চলমান সংকটে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ অবস্থানের প্রশংসা করেছেন। পাশাপাশি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
এছাড়াও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ইরানে জরুরি চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত।
বৈঠকে ড. খলিলুর রহমান বলেন, ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশির আজারবাইজানে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতের জন্য তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়েছেন।
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD