চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।
বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৪ টার দিকে উপজেলার শিকলবাহা (২ নম্বর ওয়ার্ড) আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত দেলোয়ারা বেগম শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড আহসানিয়া পাড়া এলাকার অলি হাজীর বাড়ির মৃত ফজল আহমেদের স্ত্রী।
এ ঘটনায় আহতরা হলেন – শিকলবাহা ৬ নম্বর ওয়ার্ড জামালপাড়া এলাকার বদলা বাপের বাড়ির ছালেহ আহমদের ছেলে সবজি বিক্রেতা মো: রুবেল (৩০), শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড কোদাইল্লা পাড়া, শামসু মেম্বারের বাড়ির মো: নজরুলের ছেলে মিজবাহ (১২) এবং একই এলাকার ইয়ার মোহাম্মদের ছেলে মো. সাফাত (৭)।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শামিউর রহমান জানান, গুরুতর আহত অবস্থায় দেলোয়ারাকে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের ভাষ্য অনুযায়ী, অতিবৃষ্টির কারণে রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে দেলোয়ারা বেগম তার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “দেয়াল ধসে একজন নারীর মৃত্যু এবং শিশুসহ তিনজন আহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
■ প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল ঠিকানা: ওয়ার্লেস স্কুল মার্কেট, ২য় তলা, খুলশী-৪২০২, চট্টগ্রাম।
E-mail: newsday24.news@gmail.com. Mobile: +880 1306-733802 +88 01883 011888 ।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদিত
কপিরাইট © 2026 Newsday24 | Design & Developed by ProcharBD