ঢাকাশনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সারা দেশে চলছে ‘নতুন কুঁড়ি’র প্রতিভা অন্বেষণ : মাঠ মাতাচ্ছে খুদে অ্যাথলেটরা

নিউজ ডেস্ক
মে ৫, ২০২৬ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

তৃণমূলে ক্রীড়া প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশজুড়ে শুরু হওয়া ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির তৃতীয় দিনে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়েছে খুদে অ্যাথলেটরা।

দেশের ৬৪টি জেলাতেই আজ একযোগে ফুটবল, দাবা, মার্শাল আর্ট ও অ্যাথলেটিকসের বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে ঢাকা, বরিশাল, মানিকগঞ্জ ও ভোলার মতো জেলাগুলোতে আজ চূড়ান্ত লড়াইগুলোতে কিশোর-কিশোরীদের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।

আজকের উল্লেখযোগ্য ফলাফলের মধ্যে বালিকা বিভাগে ঢাকা জেলা পর্যায়ে মার্শাল আর্ট ইভেন্টে তায়কোয়ানদো ও উশুতে দাপট দেখিয়েছে বিভিন্ন থানার প্রতিযোগীরা। তায়কোয়ানদোর অনূর্ধ্ব ৪৫ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয়েছে মিরপুর থানার আফরিন রহমান।

একই ইভেন্টে সেরা হয়েছেন ক্যান্টনমেন্ট থানার আমরিন আকমল মানহা।

এছাড়া উশুতে শাহ আলী থানার ইরফান হোসাইন সিয়াম এবং কাফরুল থানার শান্তন আহমেদ নিজ নিজ বিভাগে চ্যাম্পিয়ন হন।

এদিকে, বরিশালে ফুটবল প্রতিযোগিতায় মাঠ কাঁপিয়েছে জেলা ও উপজেলার দলগুলো। বালক বিভাগে বানারীপাড়া উপজেলা ৪-২ গোলে হারায় মেহেন্দিগঞ্জ উপজেলা দলকে।

তবে বালিকা বিভাগে প্রতিশোধ নিয়ে মেহেন্দিগঞ্জ ২-০ গোলে হারিয়েছে বানারীপাড়াকে।

এছাড়া বালক ও বালিকা উভয় বিভাগেই বাকেরগঞ্জ উপজেলাকে বড় ব্যবধানে হারায় বরিশাল সিটি কর্পোরেশন।

বরিশালে দাবা প্রতিযোগিতায় বালক বিভাগে সুদীপ্ত রায় ও বালিকা বিভাগে রশনী রব চ্যাম্পিয়ন হয়।

ভোলায় অ্যাথলেটিকস ট্র্যাকে আজ ছিল গতির লড়াই। ১০০ মিটার দৌঁড়ে লালমোহনের মেহেদী হাসান রবিন এবং ২০০ মিটারে প্রথম হয়ে দ্রুততম মানবের খেতাব জিতেছেন ভোলা সদরের আকাশ।

মানিকগঞ্জ জেলাতে কাবাডি প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এই পর্বে বালক বিভাগে মানিকগঞ্জ পৌরসভা এবং বালিকা বিভাগে মানিকগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।

জেলা ক্রীড়া অফিসগুলোর তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে উঠে আসা মেধাবী খেলোয়াড়রাই আগামীতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।