ঢাকাশুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কাপ্তাইয়ে GAP প্রশিক্ষণ: নিরাপদ খাদ্য উৎপাদনে ৬০ কৃষক উদ্যোক্তার সনদ লাভ

রিপন চৌধুরী (কাপ্তাই প্রতিনিধি)
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৮:৪১ অপরাহ্ণ
Link Copied!

রাঙামাটির কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কর্মসূচির আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাপ্তাই উপজেলা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে ৬০ জন নারী-পুরুষ কৃষক ও উদ্যোক্তা অংশ নেন। দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

 

প্রশিক্ষকরা সংক্ষিপ্ত পরামর্শে বলেন—নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সারের সুষম ব্যবহার, কীটনাশক প্রয়োগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা, জৈব সার ও কম্পোস্ট ব্যবহারে গুরুত্ব দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে ফসল সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি GAP পদ্ধতি অনুসরণ করলে ফসলের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আয়োজকরা জানান, PARTNER কর্মসূচির মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।