ঢাকাবৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ছায়া জগতের ‘সেকেন্ড ইন কমান্ড’ ধরা পড়লো: গলাকাটা বাচা গ্রেপ্তার

NewsDay 24
এপ্রিল ৪, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

দীর্ঘদিন ধরে আতঙ্কের আরেক নাম গলাকাটা বাচা। অবশেষে আইনের জালে ধরা পড়লো সেই বহুল আলোচিত সন্ত্রাসী, যার নাম শুনলেই কেঁপে উঠতো জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকা।

শুক্রবার বিকেলে এক গোপন অভিযানে র‌্যাব-৭ গ্রেপ্তার করেছে সাদ্দাম হোসেন (৩৭) ওরফে ‘গলাকাটা বাচা’কে। তিনি শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত।
সে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন আরেফিন নগর এলাকার মুক্তিযোদ্ধা কলোনির আব্দুল করিমের ছেলে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, সন্ত্রাসী সাদ্দাম হোসেন প্রকাশ ‘গলাকাটা বাচা’ সীতাকুণ্ডের দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে পৌনে তিনটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে নগরের বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার কর্মকাণ্ডে জঙ্গল সলিমপুরসহ আশপাশের এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

তিনি আরও জানান, গলাকাটা বাচা শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী প্রকাশ বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী এবং তার বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার সাদ্দামের বিরুদ্ধে নগরের পাঁচলাইশ, চকবাজার, ডবলমুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ ও সীতাকুণ্ড থানায় সাতটি মামলা রয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।