নিজস্ব প্রতিবেদক,পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে চট্টগ্রামের উপকূলবর্তী ডিসি পার্কে ১০ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
শনিবার (০৪ এপ্রিল ২০২৬) চট্টগ্রামের ডিসি পার্কে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উপকূলীয় এলাকায় অবস্থিত ডিসি পার্ককে আরও সবুজ, শীতল ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার লক্ষ্যেই এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনি জানান, উদ্বোধনী দিনে প্রায় ২ হাজার বৃক্ষ রোপণ করা হয়েছে এবং আগামী এক মাসের মধ্যে মোট ৫৪ প্রজাতির ১০ সহস্রাধিক গাছ লাগানো হবে। পার্কের সৌন্দর্যবর্ধনে কৃষ্ণচূড়া ও সোনালুসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি এবং বিরল গাছ রোপণের পরিকল্পনা রয়েছে। এছাড়া উপকূলীয় পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গাছ বাছাইয়ের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
জেলা প্রশাসক আরও বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও টেকসই পরিবেশ নিশ্চিত করা যাবে।
তিনি উল্লেখ করেন, সরকারের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই জাতীয় উদ্যোগ সফল করতে উপকূলীয় অঞ্চলে এ ধরনের কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।জেলা প্রশাসন জানিয়েছে, দীর্ঘমেয়াদে ডিসি পার্ককে একটি সবুজ, শীতল ও জলবায়ু সহনশীল পার্ক হিসেবে গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাসসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।


