পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর নেতৃবৃন্দের। এসময় তিনি দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সৌজন্য সাক্ষাৎটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। আলোচনায় পার্বত্য অঞ্চলের উন্নয়ন, চলমান প্রকল্পসমূহ এবং জাতীয় পর্যায়ে এসব কার্যক্রমের ইতিবাচক প্রচারে গণমাধ্যমের ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন—তাই সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সোহাগ আরেফিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল এবং আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

