ঢাকাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহে বজ্রপাতে একব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদন
এপ্রিল ২৯, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

জেলার তারাকান্দা উপজেলায় আজ নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. সাদ্দাম হোসেন (২৮) নামের একব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুরে তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের চৌরাবাড়ি এলাকায় রাংসা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত সাদ্দাম হোসেন জেলার তারাকান্দা উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতী গ্রামের হামেদ আলীর ছেলে। তিনি কৃষিকাজ ও মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন।

গালাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইয়াসিন আলী ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে বাড়ির পাশের রাংসা নদীতে মাছ ধরতে যান সাদ্দাম হোসেন। এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেনের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানবীর আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।