ঢাকাবুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় কেমিক্যাল দিয়ে পাকানো ৯ টন আম জব্দ

নিউজ ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬ ৮:৪০ অপরাহ্ণ
Link Copied!

জেলায় আজ চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে কেমিক্যাল দিয়ে পাকানো ট্রাকভর্তি প্রায় ৯ মেট্রিক টন (৯ হাজার কেজি) অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত বুধবার রাত ২টার দিকে শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে এই আমের চালানটি জব্দ করা হয়।

এরপর আজ বুধবার দুপুরে সাতক্ষীরা সদরের বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সাতক্ষীরা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ট্রাকভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো আমের একটি বড় চালান নিয়ে যাওয়া হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সাতক্ষীরা সদর থানা পুলিশের একটি টিম শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায় অভিযান চালান। এসময় সেখানকার আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় কালীগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৫১ ক্যারেট ভর্তি কেমিক্যাল দিয়ে পাকানো অপিরপক্ক আম জব্দ করা হয়। যার ওজন প্রায় ৯ হাজার কেজি (৯ মেট্রিক টন)।

বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, জব্দকৃত আমগুলো আজ বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে গাড়ির চাকায় ফেলে বিনষ্ট করা হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্নব দত্ত জানান, অপরিপক্ক আমগুলো কেমিক্যাল দিয়ে পাকানোয় সেগুলো বিনষ্ট করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।