গ্রুপ ‘সি’–এর সমীকরণে ব্রাজিল এগিয়ে। ২ ম্যাচে ৪ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল। বুধবার মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। নকআউট পর্বের টিকিট আগেই নিশ্চিত হলেও এবার সেলেসাওদের লক্ষ্য গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান ধরে রাখা।
দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কো উভয়েরই সংগ্রহ ৪ পয়েন্ট। একই সময়ে মরক্কো মুখোমুখি হবে গ্রুপের তলানিতে থাকা হাইতির। ফলে দুই দলই জিতলে গ্রুপসেরা নির্ধারণ হবে গোল ব্যবধানে। বর্তমানে +৩ গোল ব্যবধান নিয়ে এগিয়ে আছে ব্রাজিল, যেখানে মরক্কোর গোল ব্যবধান +১। তাই স্কটল্যান্ডের বিপক্ষে প্রতিটি গোলই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
মরক্কোর সঙ্গে ১–১ ড্র। নিস্তেজ, প্রায় অন্যমনস্ক প্রথমার্ধ। এরপর হাইতির বিপক্ষে ৩–০ জয়। সেখানে আবার দেখা গেছে ঝলক, কিন্তু তা যেন পুরো আলো নয়, শুধু বিদ্যুৎ–চমকের মতো ক্ষণিক ঝলকানি। যেন এক বিশাল সিম্ফনি বাজছে, কিন্তু প্রধান বেহালাটি এখনো মঞ্চে ওঠেনি। সেই বেহালা—নেইমার।
৩৪ বছর বয়সী ফরোয়ার্ড। নামের পাশে প্রতিভার যে প্রমাণপত্র নিয়ে তিনি যাত্রা শুরু করেছিলেন, গত দেড় দশকে তা ক্রমে রূপ নিয়েছে এক মোটা মেডিক্যাল ফাইলে। পুরো ক্যারিয়ারে ৬৫১ দিন তিনি মাঠের বাইরে কাটিয়েছেন গোড়ালির লিগামেন্ট, হাঁটুর ক্রুশিয়েট টিয়ারের ক্ষত এবং আরও কত চোট নিয়ে!
তবু ব্রাজিল তাঁকে ডেকেছে। কোচ কার্লো আনচেলত্তি জানেন, বড় মঞ্চে অভিজ্ঞতার মূল্য কতটা। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফেরা। চোট জর্জর এক অধ্যায় পেরিয়ে আবার বিশ্বকাপের মঞ্চে ফিরে আসার গল্প, কিন্তু গল্পটি এখনো অসম্পূর্ণ। কারণ, এই টুর্নামেন্টে এখনো তাঁর পা বল ছোঁয়নি।
গত সপ্তাহে নেইমার পূর্ণ অনুশীলনে ফিরেছেন। গত সোমবার প্রথমবার দলের সঙ্গে ট্যাকটিক্যাল সেশন করেছেন, যা দেখে সতীর্থ গ্যাব্রিয়েল মার্তিনেল্লি বলেছেন, ‘ওকে দেখলেই বোঝা যায়, কতটা ক্ষুধার্ত।’ এ ক্ষুধা শুধু মাঠে নামার নয়, আরও একবার নিজেকে প্রমাণ করার। প্রশ্ন এখন একটাই—তিনি খেলবেন কি না?
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.