টানা ভারী বর্ষণ ও পাহাড়ধসের কারণে রাঙ্গামাটি জেলায় এক ভয়াবহ দুর্যোগপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েকদিনের অব্যাহত বৃষ্টিপাতে জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তার স্বার্থে হাজারো মানুষকে নিজ নিজ বসতভিটা ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, পাহাড়ধসের ঝুঁকিতে থাকা এবং ক্ষতিগ্রস্ত এলাকার মোট ৪ হাজার ৩৬৫ জন মানুষ বর্তমানে জেলার ৩৪টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম এবং আশ্রয়কেন্দ্রগুলোর সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের অংশ হিসেবে শুক্রবার (১০ জুলাই) দুপুর থেকে রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম রাঙ্গামাটি পৌর এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্র, লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্র, ভেদভেদি আশ্রয়কেন্দ্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ভবন আশ্রয়কেন্দ্রসহ পৌর এলাকার আরও কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখেন। পরবর্তীতে তিনি সাম্প্রতিক পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ক্ষয়ক্ষতির চিত্র সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
আশ্রয়কেন্দ্রগুলোতে অবস্থানরত নারী, পুরুষ, শিশু ও প্রবীণদের সঙ্গে কথা বলে তাদের সার্বিক পরিস্থিতি, প্রয়োজনীয়তা এবং দুর্ভোগের খোঁজখবর নেন জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম। তিনি দুর্গত মানুষের কষ্টের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সাহস ও সান্ত্বনা দেন।
এ সময় তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় থেকে রাঙামাটি জেলা পরিষদের মাধ্যমে পৌর এলাকার জন্য যে বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। তিনি আরও বলেন, এই দুর্যোগে প্রশাসন, জেলা পরিষদ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান সাধারণ মানুষের পাশে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সহযোগিতা অব্যাহত থাকবে।
পরিদর্শনের একপর্যায়ে মো. হাবীব আজম আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ছোট ছোট সোনামণিদের হাতে চকলেট তুলে দেন। হঠাৎ এমন উপহার পেয়ে শিশুদের মুখে হাসি ফুটে ওঠে। তারা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে, যা দুর্যোগের মাঝেও এক মানবিক ও হৃদয়স্পর্শী মুহূর্তের সৃষ্টি করে।
আশ্রয়কেন্দ্র পরিদর্শনের সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভেদভেদি পশ্চিম মুসলিম পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক এম এ জয়, ভেদভেদি লোকনাথ মন্দিরের দপ্তর সম্পাদক রঞ্জিত দাশ, গ্রিন হিল স্পোর্টিং ক্লাবের আহ্বায়ক সাকিবুল হাসান সায়েম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, যুগ্ম আহ্বায়ক ফাহিম হোসেন, সদস্য সচিব নাজমুল হাসান নয়ন, সদস্য মো. সিদ্দিকুর রহমান সাগর, ইয়াসিন উদ্দীন মেঘ, রাম দাশ, সাব্বির হোসেন, ইমরানসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় তারা আশ্রয়কেন্দ্রের সার্বিক শৃঙ্খলা, দুর্গত মানুষের থাকা-খাওয়ার ব্যবস্থা, শিশু ও বয়স্কদের প্রয়োজনীয়তা এবং মানবিক সহায়তা কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি দুর্গত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের বিষয়ে নিজেদের অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে জেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানিয়েছে, টানা বৃষ্টিপাত অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকি এখনো পুরোপুরি কাটেনি; বরং আরও বাড়তে পারে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন হলে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসন, রাঙ্গামাটি জেলা পরিষদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, জরুরি চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরলসভাবে কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.