জেলার শার্শা উপজেলায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে মাদক হিসেবে ব্যবহৃত বিপুল পরিমাণ ভারতীয় সিরাপসহ তিন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। এ সময় মোট ১ হাজার ৪৩ বোতল নিষিদ্ধ উইনক্যারেক্স ও স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স আজ সকালে বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল শনিবার (১৮ জুলাই) পরিচালিত এসব অভিযানে আটককৃতরা হলেন, যশোরের শার্শা উপজেলার গোবিন্দপুর বটতলা এলাকার বশির উদ্দিন (২৫) ও মিনহাজ (২২) এবং চ্যাংরালী বাউন্ডারি পাড়ার আবু বক্কর সিদ্দিক (২৮)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চালানো প্রথম অভিযানে গোবিন্দপুর বটতলা এলাকা থেকে বশির উদ্দিন ও মিনহাজকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৩ বোতল উইনক্যারেক্স এবং ২৭৬ বোতল স্কাফ সিরাপসহ মোট ২৯৯ বোতল মাদক উদ্ধার করা হয়। এদিন অন্য একটি অভিযানে চ্যাংরালী বাউন্ডারি পাড়া থেকে আবু বক্কর সিদ্দিককে আটক করা হয় এবং তার হেফাজত থেকে আরও ৭৪৪ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপ জব্দ করা হয়।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর এ টি এম ফজলে রাব্বি প্রিন্স জানান, আটকরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে অবৈধ পথে ভারতীয় এসব নিষিদ্ধ সিরাপ এনে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.