জেলার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ও ধস নেমেছে। এতে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
জরুরি ভিত্তিতে এই বাঁধ সংস্কার করা না হলে যে কোনো মুহূর্তে বাঁধটি নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। বড়দল ও খাজরা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে হাজার হাজার বিঘা মৎস্য ঘের ও ফসলি জমি পানিতে ভেসে যেতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, বড়দল ও খাজরা ইউনিয়নের সীমানা সংলগ্ন খোলপেটুয়া নদীর বেড়িবাঁধটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ইতোমধ্যে বাঁধের নিচের অংশের মাটি ধসে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বাঁধটি ভেঙে গেলে বড়দল, দক্ষিণ বড়দল, পাঁচপোতা, বাইনতলা, খাজরা, লাউতাড়াসহ দুই ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম ভেসে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত বছরও এসব এলাকায় লোনা পানি ঢুকে প্রায় ১০ হাজার বিঘা জমির আমন চাষ ব্যাহত হয়েছিল। এবারও তারা একই আশঙ্কায় নির্ঘুম রাত কাটাচ্ছেন।
সাতক্ষীরার আশাশুনি উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (এসডি) রাশিদুল ইসলাম জানান, ভাঙন পর্যবেক্ষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বাধ সংস্কারের কাজ শুরু করা হবে।
আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বলেন, ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে আজ থেকে বেঁড়িবাধ সংস্কারের কাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.