
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন। রবিবার (১৯ জুলাই) সকাল ৯টার পর উপজেলার ছোট কুমিরা বাঁশবাড়িয়া এলাকার ইলিয়াস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. আশেক।
তিনি জানান, নোয়াখালীগামী ‘জোনাকি’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও কুমিরা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান।
চমেক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত ছয়জনকে হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। একই সঙ্গে অজ্ঞাতপরিচয় এক যুবককে (৩০) মৃত ঘোষণা করে মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আহতরা হলেন—রওশন আক্তার (৩৮), মহিউদ্দিন (৩৩), মোহাম্মদ মান্নান (৩০), সোনিয়া আক্তার (২৫), অর্পিতা শাহ (২০) ও আরিফ মো. ইউসুফ (৫১)। তাৎক্ষণিকভাবে তাদের ঠিকানা জানা যায়নি।
আহতদের বরাত দিয়ে এসআই মো. আশেক বলেন, ‘বাসটি চলন্ত অবস্থায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে যাত্রীরা গুরুতর আহত হন। দুর্ঘটনার পর কুমিরা ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের দ্রুত হাসপাতালে পাঠায়।’
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.