
চট্টগ্রাম নগরের বাকলিয়া এক্সেস রোডে ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় মাইকেলসহ আরও আটজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) র্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা ডিডিএন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটে সরাসরি অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে বিস্তারিত জানাতে রবিবার দুপুরে সংবাদ সম্মেলন করবে র্যাব।
এর আগে, একই ঘটনায় পৃথক অভিযানে আটজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ইউনুস (৪১), ইমরান হোসেন (৩১), আকবর হোসেন (২৪), মো. সুমন (২৭), মো. মনির ওরফে কেহেরমান (৩৮), মো. গিয়াস উদ্দিন (২১), মো. নয়ন (২০) এবং মোহাম্মদ আবদুল নাহিদ ওরফে ফরহাদ (২৮)।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুটি পৃথক অভিযানে এ পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার পরিকল্পনা ও উদ্দেশ্য উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে। আলোচিত ডেভিড ইমনকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তার অবস্থান শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.