জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে গণমিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটি পৌরসভার উদ্যোগে শহরে একটি গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়।
পৌরসভা সেক্রেটারি আবুল বাশারের সঞ্চালনায় এবং পৌরসভা আমীর অ্যাডভোকেট মাইন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গামাটি জেলা আমীর আব্দুল আলীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, জেলা সেক্রেটারী মনছুরুল হক, জেলা প্রচার সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাঙ্গামাটি জেলা সভাপতি আব্দুস সালাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গামাটি জেলা সভাপতি মোহাম্মদ রবিউল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি নুরুজ্জামান। এছাড়া জেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ২০২৪ সালের ১ আগস্ট তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। তবে ছাত্র জনতার আন্দোলনের চাপের মুখে চার দিনের ব্যবধানে তারাই বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়ে যায় । ঠিক তেমনি বর্তমান সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে তাদের ওই একই পরিমিতি ভোগ করতে হবে, তারা আরো বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দ্রুত ‘জুলাই সনদ’ কার্যকর করা প্রয়োজন।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.