দায়িত্ব নেওয়ার পর বিএনপি সরকারের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ হচ্ছে আজ। ১৮০ দিন পূর্তি উপলক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রম, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং সফলতা–ব্যর্থতার মূল্যায়ন হচ্ছে। সরকারের দাবি অনুযায়ী, এই সময়ে প্রশাসনের স্থবিরতা কাটিয়ে নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের ভিত্তি তৈরি করা হয়েছে।
নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি নেয় বিএনপি সরকার। এর মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। এতে গুরুত্ব পায় মূল্যস্ফীতি মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের সুরক্ষা, খাল খনন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ। বাজেটে বিনিয়োগবান্ধব বেশ কিছু উদ্যোগও চোখে পড়েছে অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের। তবে অর্থনীতির চাকা সচল রাখতে বিদ্যুৎ, জ্বালানি, রাজস্ব বোর্ড ও ব্যাংকসহ বিভিন্ন খাতে সংস্কার জরুরি বলে মনে করছেন তারা।
এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানুষের জীবনমান উন্নয়নে জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সরকার বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। সেজন্য আমরা জনগণের কল্যাণে নানা পদক্ষেপ গ্রহণ করছি। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন ইতোমধ্যে শুরু হয়েছে।
সম্প্রতি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের ছয় মাসের অধিকাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে, অনেকগুলো পুরোপুরি পূরণ হয়েছে। পরিসংখ্যানসহ বিস্তারিত অগ্রগতি প্রতিবেদন শীঘ্রই প্রকাশ করা হবে। তিনি বলেছেন, প্রথম ছয় মাসের জন্য নির্ধারিত বেশির ভাগ লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। কিছু ক্ষেত্রে তা ১০০ শতাংশ, আবার অন্যগুলোতে প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ।
সরকারের প্রথম ছয় মাসকে প্রস্তুতি এবং প্রশাসন সংগঠিত করার সময়কাল হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, এর কর্মসূচিগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা করতে সময়ের প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী ছয় মাসে বাস্তবায়নের গতি বাড়বে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ রুবেল । ব্যবস্থাপনা সম্পাদক: সোহাগ আরেফিন । উপ-সম্পাদক: শহিদুল ইসলাম অফিস: ওর্য়ালেস স্কুল মার্কেট (২য় তলা), খুলশী, চট্টগ্রাম। E-mail: newsday24.news@gmail.com Mobile: ০১৮১৯ ০০৩০৬৪, ০১৩০৬৭৩৩৮০২
Copyright © 2026 Newsday24. All rights reserved.