সীতাকুণ্ড ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে দুর্ঘটনায় আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ জনে। গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় এসব শ্রমিক নিহত হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, উপজেলার ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে এলএনজি নামক স্ক্র্যাপ জাহাজে গ্যাস লিকেজ হয়ে বিষক্রিয়ায় ৯ জন শ্রমিক নিহত হয়েছিল। ওই দুর্ঘটনায় আহত মো. ইদ্রিস (৫০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বুধবার সন্ধ্যার দিকে নগরীর একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত শ্রমিক জামালপুর জেলার মো. ময়েজ উদ্দিনের ছেলে। এদিকে উক্ত ইয়ার্ডটির পরিবেশ ছাড়পত্রের মেয়াদ না থাকায় গত বুধবার শুনানি শেষে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ৫ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত ইয়ার্ডটিতে জাহাজ কাটা বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন জানান, গত ১৪ আগস্ট ভাটিয়ারীতে অবস্থিত ফেরদৌস স্টিলে স্ক্র্যাপ জাহাজ কাটিং করার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ৯ জন নিহত ও আরো ১০ জন অসুস্থ হন। এ ঘটনার তদন্তকালে ইয়ার্ডটির নথিপত্র খতিয়ে দেখতে গিয়ে দেখা যায় ১২ আগস্ট এ ইয়ার্ডের পরিবেশ ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু এটি নবায়নের জন্য আবেদন করা হয়নি। ছাড়পত্র নবায়ন না করেও জাহাজ কাটায় গত বুধবার এক শুনানি শেষে জাহাজটির মালিককে ৫ লাখ টাকা জরিমানা করে, তা এক সপ্তাহের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়া হয়। পাশাপাশি ছাড়পত্র নবায়ন না হওয়া পর্যন্ত জাহাজটি কাটিং বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।
উল্লেখ্য যে, গত ১৪ আগস্ট শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ভাটিয়ারী সাগর উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং শিপইয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে।
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.