নিয়োগ প্রক্রিয়া ও প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার পর এবার চান্দগাঁওয়ের সিডিএ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে নতুন তথ্য সামনে এসেছে। শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক প্রতিনিধির শিক্ষাগত তথ্যে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রাতিষ্ঠানিক বিধি অনুযায়ী প্রতিষ্ঠানটিতে ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে অভিভাবক প্রতিনিধি আহ্বানের পর প্রায় অর্ধশতাধিক অভিভাবক আবেদন জমা দেন। দাপ্তরিক যাচাই-বাছাই শেষে মোঃ আমিন (পিতা: হাজী মোঃ ইসহাক, মাতা: নজুমা খাতুন) অভিভাবক প্রতিনিধি হিসেবে মনোনীত হন।
তবে অনুসন্ধানী তথ্য ও সংশ্লিষ্ট সচেতন অভিভাবকদের দাবি, জমা দেওয়া আবেদনপত্রে উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার সাথে বাস্তবে মিল পাওয়া যায়নি। আবেদনের তথ্যে নিজেকে 'বিএ' (স্নাতক) পাস হিসেবে উল্লেখ করা হলেও, সংগৃহীত তথ্যে দেখা যায় তিনি উচ্চমাধ্যমিক (এইচএসসি) পাশ। জালিয়াতি বা তথ্য গোপনের মাধ্যমে প্রতিনিধি হওয়ার এমন অভিযোগে সাধারণ অভিভাবকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন ও সিদ্ধান্ত গ্রহণে অভিভাবক প্রতিনিধির ভূমিকা গুরুত্বপূর্ণ। ফলে এ ধরনের তথ্যের অসঙ্গতি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ ও প্রশাসনিক স্বচ্ছতার ওপর প্রভাব ফেলবে কি না—তা নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মোঃ আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি নিজেকে উচ্চমাধ্যমিক পাস স্বীকার করে বলেন, "আমাকে তৎকালীন প্রধান শিক্ষক গাজীউল হক অভিভাবক প্রতিনিধি হিসেবে এগিয়ে আসতে অনুরোধ করেছিলেন। আবেদন ও নথিপত্র সংক্রান্ত যাবতীয় প্রক্রিয়া তিনিই সম্পন্ন করেছিলেন।" তবে আবেদনপত্রে বিএ পাস উল্লেখের বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দিতে পারেননি
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম। প্রধান কার্যালয়: লুসাই ভবন, ৩০৭নং (তয় তলা), মোমিন রোড, চেরাগী পাহাড়, কোতোয়ালি, চট্টগ্রাম।মোবাইল: 01759337312, 01749336285 E-mail: dailybartatoday@gmail.com Web: www.bartatoday.com
Copyright © 2026 Newsday24. All rights reserved.